বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা ও আইন শৃঙ্খলাবাহিনীকে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ: রাজনৈতিক সহিংসতায় মানবাধিকার পরিস্থিতির অবনতি- শীর্ষক এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, রাস্তায় সহিংসতা অব্যাহত রয়েছে। এ সব ঘটনায় কোনো সংশ্লিষ্টতার প্রমাণ ছাড়াই বিরোধী দলের সিনিয়র নেতাদের আটক করা হচ্ছে। সরকারের পক্ষে সংবাদ পরিবেশন না করলে মিডিয়া সম্পাদক ও নির্বাহীদের হয়রানি অব্যাহত আছে। উপরন্তু নিরাপত্তাবাহিনী সন্দেহভাজনদের ওপর প্রকাশ্যে গুলি করার ঘোষণা দিয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননাকে বাকস্বাধীনতা সংকোচনের পথ হিসেবে ব্যবহার করছে।

এসব প্রেক্ষাপটে অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা, শুধুমাত্র রাজনৈতিক কারণ ও শান্তিপূর্ণ সভা-সমাবেশ থেকে আটকদের দ্রুত মুক্তি, আইন শৃঙ্খলাবাহিনীকে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং সাংবিধানিক সংস্থাগুলোর কাজের ক্ষেত্রে মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কেএইচ