ইসরাইলি সৈন্যরা বুধবার একজন ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ওই ব্যক্তি গত মাসে জেরুজালেমের একটি ট্রাম স্ট্যান্ডে গাড়ির ধাক্কা দিয়ে এক ইসরাইলি নারী ও এক শিশুকে হত্যা করেন বলে অভিযোগ করেছে ইসরাইল।
ইহুদিদের একটি উপাসনালয়ে ভয়াবহ হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘জেরুজালেমের যুদ্ধে’জয়ী হওয়ার অঙ্গীকার করেন। এরপরই ওই ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেয়া হলো।
মঙ্গলবার ইহুদিদের সিনাগগে হামলায় চার ব্যক্তি ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়।
ইসরাইল সামরিক বাহিনী জানায়, গত ২২ অক্টোবর জেরুজালেমের একটি ট্রাম স্টেশনে গাড়ির ধাক্কা দিয়ে দুই জনকে হত্যার জন্য দায়ী সন্ত্রাসী আব্দেল রহমান শালৌদির বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। তার বাড়ি পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায়।
গাড়ি ধাক্কা দিয়ে দুই জনকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ইসরাইলি পুলিশ কর্মকর্তার গুলিতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এমএ





