অরল্যান্ডোর সমকামী নৈশক্লাবটিতে তাণ্ডব চালানো খুনি ওমর মতিন গত তিন বছর ধরে সেখানে যাতায়াত করেছেন বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।

প্রত্যক্ষদর্শী ক্রিস ক্যালেন পালস নৈশক্লাবের একজন পারফরমার। তিনি নিউ ইয়র্ক ডেইলি নিউজকে বলেন, গত প্রায় তিন বছর ধরে মতিন নিয়মিত পালস ক্লাবে যেতেন।

শনিবার মধ্যরাতের পর পালস নৈশক্লাবে বন্দুক হামলা চালিয়ে মতিন ৪৯ জনকে হত্যা করেন। পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এ হামলায় আরো ৫৩ জন আহত হয়েছেন।

ক্যালেন বলেন, “আমি তাকে পালস ক্লাবে বেশ কয়েকবার দেখেছি, তার সঙ্গে আসা এমন অনেকের সঙ্গে আমি কথাও বলেছি, যাদের মধ্যে একজন সাবেক নিরাপত্তারক্ষীও আছেন। আসলে আমি তাকে এর আগে অনেকবারই পালস এ দেখেছি।”

মতিন সম্পর্কে আগের একটি ঘটনার বর্ণনায় ক্যালেন বলেন, “একবার মতিনের এক বন্ধু ধর্ম নিয়ে কৌতুক করায় ক্ষুব্ধ হয়ে সে বন্ধুকে ছুরি মারতে যায়।”

“এ ঘটনাটি ছাড়া মতিন একজন চমৎকার মানুষই ছিল…সম্ভবত আস্তে আস্তে সে নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং নিজেকে ঘৃণা করতে শুরু করে।”

“মাঝেমাঝে সে কোণার দিকের টেবিলে চলে গিয়ে একা একা মদ্যপান করত। আবার কখনও কখনও পাঁড় মাতাল হয়ে চিৎকার করত এবং আক্রমণাত্মক হয়ে উঠত।”

অন্য একজন প্রত্যক্ষদর্শী কেভিন ওয়েস্ট, যিনি হামলা চালানোর আগে মতিনকে পালস নৈশক্লাবের দিকে হেঁটে যেতে দেখেছেন বলে ওয়াশিংটন পোস্টের কাছে দাবি করেছেন।

ওয়েস্ট বলেন, “আমার সবটা মনে আছে। আমি কখনও ওই মুখ ভুলব না।”

দুই প্রত্যক্ষদর্শীর দাবির বিষয়ে বিবিসির পক্ষ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সিএনএন ও এনবিসি-র খবরে বলা হয়, তদন্ত কর্মকর্তারা তাদের দাবির বিষয়টি খতিয়ে দেখছেন।

এফএফ