বিবিসির খবরে জানানো হয়েছে, এর আগে একটি গেমিং চ্যাট সার্ভারে পেন্টাগনের গোপন নথি ফাঁস করে দেন জ্যাক। এসব নথির মধ্যে আছে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক স্পর্শকাতর তথ্য। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েও গুরুত্বপূর্ণ তথ্যে ঠাসা ছিল এসব নথি। সব এখন রাশিয়াসহ গোটা বিশ্বের হাতে চলে গেছে। ইউক্রেনের ব্যাপক দুর্বলতার কথাও প্রকাশ পেয়ে গেছে।
শুক্রবার যখন তাকে আদালতে আনা হয় তখন আদালত কক্ষে উপস্থিত ছিলেন তার পিতা। তিনি চিৎকার করে বলেন, ‘লাভ ইউ জ্যাক’। এর জবাবে অভিযুক্ত জ্যাকও বলেন, ‘আমিও ভালোবাসি, বাবা’।
যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। মূলত কয়েক মাস আগে থেকেই এসব নথি অনলাইনে ঘুরে বেড়াচ্ছিল। গেমারদের কাছে জনপ্রিয় ডিসকর্ড অ্যাপে নথিগুলো আপলোড করা হয়।
বিবিসি এসব নথি পরীক্ষা করে জানিয়েছে, সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে গোয়েন্দা প্রতিবেদন ছাড়াও অন্য কিছু দেশ সম্পর্কে স্পর্শকাতর তথ্য ছিলো। যেই গ্রুপে এই নথিগুলো আপলোড করা হয়েছিল সেখানে রাশিয়া ও ইউক্রেনের লোকজনও আছে। প্রথমে নথিগুলো শুধু ছোট চ্যাটরুমে থাকলেও মার্চের শুরুতে তা বিভিন্ন চ্যাটরুমে ছড়িয়ে পড়তে থাকে। এক পর্যায়ে ডিসকর্ড থেকে টেলিগ্রামে রুশপন্থী চ্যানেলগুলোর হাতে পড়ে নথিগুলো। অভিযুক্ত জ্যাক রাশিয়ার সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এনএইচ





