ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দু'দিন আগে সৌদি জোটের বেশ কয়েক জন সৈন্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে বিমান হামলা চালিয়েছে তারা।
রোববার ইয়েমেনের রাজধানী সানায় সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনা বাহিনীর ক্যাম্প ও আল ইমাম বিশ্ববিদ্যালয়ে হুতিদের ঘাঁটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ধর্মী ভিত্তিক বিশ্ববিদ্যালয়টির মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সখ্যতা আছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে সারা রাতই বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভবনগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ আগেই সেখান থেকে লোক জনকে সরিয়ে নেয়া হয়েছিল।
এক বাসিন্দা বলেছেন, "রাত ১টা ১৫ মিনিট থেকে বিস্ফোরণের শব্দ বন্ধ হয়নি।"
শনিবার সানায় হুথিদেরকে লক্ষ্য করে চালানো হামলায় দুই পরিবারের মোট ২৪ জন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, রোববার পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ ছাড়িয়েছে।
শুক্রবার ইরান সমর্থিত হুথিরা মারিবে একটি অস্ত্রগুদামে হামলা চালায়। এতে আরব আমিরাতের ৪৫ জন, বাহরাইনের ৫ জন, সৌদি আরবের ১০ জন ও ইয়েমেনের ৪ জন সেনা নিহত হন।
নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রব মানসুর আল হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে গত মার্চ থেকে হামলা চালায় সৌদি জোট। এরপর থেকে এ হামলায়ই তাদের সবচয়ে বেশি সেনা নিহত হন।
জেডআই





