প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (১১ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭১ লাখ ২ হাজার ২৮১ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৪৬০ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ২০১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (১১ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ১৬ হাজার ৬৫৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ৩৬৬ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৪১৬ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান নয় নম্বরে। মেক্সিকোতে আজ (১১ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ১৫ হাজার ১৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৬৪২ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫০০ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২০৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

শ‌নিবার (১০ অ‌ক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমবি