বাংলাদেশের সাফল্য দেখতে ও বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস পালনের উদ্দেশ্যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এখন ঢাকায়।

আজ রোববার বিকালে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় শাহজালাল বিমানবন্দরে কিমকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্ব ব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

এ সফরে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস বাংলাদেশে পালনের পাশাপাশি ঢাকায় একটি বক্তৃতাও দেবেন কিম।

কাল (সোমবার) সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী মুহিতের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কিমের ঢাকা সফরের কর্মসূচি শুরু হবে। ৯টা ৪৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলন করবেন তারা।

বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথির বক্তৃতা দেয়ার কথা রয়েছে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের।

এরপর মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন তিনি।

ফিরে এসে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বিকেলে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিদায় নেবেন তিনি।