ভারতের কেন্দ্র সরকার বাংলাকে পচা পেঁয়াজ জোগান দিচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (০৬ ডিসেম্বর) পেঁয়াজের জোগান নিয়ে মারাত্মক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা। কেন্দ্র এই আনাজের পর্যাপ্ত জোগান দিচ্ছে না এবং যেটাও বা দিচ্ছে সেটাও আদতে পচা পেঁয়াজ!
দলীয় কর্মীদের এই ইস্যুতে রাস্তায় নামতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, খবর এনডিটিভি।
একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মূল্যবৃদ্ধি এমন একটি বিষয় যা কেন্দ্রীয় সরকারের উপরই নির্ভর করে। কয়েক মাস আগে কেন্দ্র আমাদের কতটা পরিমাণে পেঁয়াজ প্রয়োজন তা জানাতে বলেছিল। আমরা ২০০ মেট্রিক টন পেঁয়াজ চেয়েছিলাম।”
মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র সরকার রাজ্যকে মাত্র ২০ টন পেঁয়াজ দিয়েছে। বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংহতি দিবসের কর্মসূচিতে মমতা বলেন, “কেন্দ্র যে ২০ টন পেঁয়াজ দিয়েছে তার মধ্যে ১০ টনই পচা পেঁয়াজ বেরিয়েছে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১১ সালে তার দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তার আগে এই রাজ্যে পেঁয়াজ চাষ হত না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে পেঁয়াজের চাষ বাড়ানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তবে এখন আমরা রাজ্যের কয়েকটি জায়গায় পেঁয়াজ চাষ করছি। আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের সবাইকেই পেঁয়াজের দাম বাড়ানোর বিরুদ্ধে রাস্তায় নামতে বলেছি।”
এমবি





