ইংল্যান্ডের একজন শিক্ষক কিডনি রোগে আক্রান্ত তার এক ছাত্রীকে একটি কিডনি দান করে দিয়েছেন। নতুন কিডনি পেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে ওই ছাত্রী। শনিবার এ খবর জানিয়েছে মুসলিমভিলেজ ডটকম নামের একটি ওয়েবসাইট।

১৩ বছর বয়সী ওই মুসলিম ছাত্রীর নাম আলিয়া আহমেদ আলী। কিডনিদাতা হলেন তারই স্কুলের ৫৩ বছর বয়সী শিক্ষক রেই কোয়ি।

আলিয়াকে প্রতি সপ্তাহে তিন বার করে ডায়ালাইসিস করতে হতো। কিন্তু এখন এসবের প্রয়োজন হয় না। সে এখন পুরোপুরি সুস্থ।

আলিয়া এ ব্যাপারে বলেন, "তিনি (শিক্ষক) একজন খুব ভালো মানুষ। আমি যখন অসুস্থ ছিলাম তখন তিনি আমার প্রতি দয়ার হাত বাড়িয়ে দেন। নতুন কিডনি পেয়ে আমি এখন খুবই খুশি। আমি এখন স্কুলে যেতে পারছি।"

সে আরও জানায়, একসময় মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা ও বমি করা ছিল নিয়মিত বিষয়। কিন্তু এখন আর এসব নেই।

আলিয়া ইংল্যান্ডের স্ট্রাটফোর্ডের রয়্যাল ডকস কমিউনিটি স্কুলে পড়াশোনা করে। গত ফেব্রুয়ারিতে তার কিডনি প্রতিস্থাপন হয়েছে গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে।

শিক্ষক মি. কোয়ি হলেন আলিয়ার স্কুলের একজন কো-অর্ডিনেটর। তিনি এ ব্যাপারে বলেন, "আলিয়াকে সুস্থ দেখে আমার খুবই ভালো লাগে। সে যখন অসহনীয় যন্ত্রণার মধ্যে ছিল, তখন তা দেখে আমার খারাপ লাগতো।" সূত্র: মুসলিমভিলেজ.কম

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ