জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আরও ৪০ হাজার সদস্য যুক্ত হবে। এ জন্য ৫০টির বেশি দেশ সেনা কিংবা পুলিশ সদস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার আলজাজিরা এ খবর দিয়েছে।
ওবামা জানিয়েছেন, শান্তি মিশনে প্রায় ৪০ হাজার সেনা ও পুলিশ সদস্য অংশ নিতে যাচ্ছে। নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ওবামা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের সরকারপ্রধানদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আট হাজার সেনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া আফ্রিকান ইউনিয়নকে (আফ্রিকার দেশগুলোর সংগঠন) একই উদ্দেশে ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন জিনপিং। এ ছাড়া ব্রিটেন দক্ষিণ সুদানে আড়াই শ’ থেকে তিন শ’ সেনা সরবরাহের কথা বলেছেন।
প্রসঙ্গত, বর্তমানে জাতিসংঘ মিশনে সেনা সরবরাহে যে পাঁচটি দেশ শীর্ষে রয়েছে সেগুলো হল- বাংলাদেশ, ইথিওপিয়া, ভারত, পাকিস্তান ও রুয়ান্ডা।
কেএইচ





