লিবিয়া ইস্যুতে ক্যামেরনকে বিভ্রান্ত বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।যুক্তরাষ্ট্রের সাময়িকী দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ওবামা।
মার্কিন এ প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, ২০১১ সালে লিবিয়ায় যুক্তরাজ্য আর ফ্রান্সের নেতৃত্বে অভিযানের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিভ্রান্ত হয়ে পড়েছেন।
যুক্তরাজ্য যদি ন্যাটো নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী জাতীয় আয়ের ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় না করে তবে ‘বিশেষ সম্পর্ক’ নষ্ট হয়ে যাবে বলেও সেসময় ক্যামেরনকে সতর্ক করেছিলেন ওবামা।
তবে এর পর পরই হোয়াইট হাউজের এক বিবৃতিতে ক্যামেরনকে ওবামার ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালে যুক্তরাজ্য আর ফ্রান্স লিবিয়ায় অভিযান চালিয়ে সেদেশের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করলেও লিবিয়াকে বিধ্বস্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেনি উল্লেখ করে উদ্বেগ জানান ওবামা। তিনি বলেন, আমার দৃষ্টিতে লিবিয়ায় পুরোপুরিভাবে যদি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে তবে তা হবে আমাদের সমস্যা। যেসব বিশ্বনেতা কোনও যুদ্ধ কিংবা মানবিক বিপর্যয়ের সময় আন্তর্জাতিক ব্যবস্থার নেয়ার আহ্বান জানিয়ে পরে অঙ্গীকার অনুযায়ী সামরিক সহায়তা দেন না, তাদের প্রতি ক্ষোভ জানান ওবামা।
এদিকে ব্রিটিশ ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে ক্যামেরন আর ওবামার সম্পর্ক নিয়ে হোয়াইট হাউজের ইতিবাচক মন্তব্যকে গুরুত্ব দেয়া হয়েছে। যুক্তরাজ্য লিবিয়ার জনগণের পাশে আছে এবং দেশটিতে একটি টেকসই সরকার গঠনে জাতিসংঘের প্রক্রিয়াকে সমর্থন জানায় বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
উল্লেখ্য, চার বছর আগে ন্যাটো সমর্থিত এক বিদ্রোহের মধ্য দিয়ে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তৈরি হওয়া সংঘাত রূপ নেয় গৃহযুদ্ধে। লিবিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা পদক্ষেপও উল্লেখযোগ্য কোনও ইতিবাচক ফল বয়ে আনতে পারেনি। সংঘাত রয়েই গেছে।
এমআইএস।





