শেষ পর্যন্ত নাম পাল্টে ফেলতে হচ্ছে শার্লটের? গণদাবি মেনে সদ্য ভূমিষ্ঠ শিশুকন্যার নাম বদলে গেল।
ঘটনাটি ঘটেছে জাপানের একটি চিড়িয়াখানায়। মাত্র একদিন আগেই জাপানের মাউন্ট তারাকাসি বানর অভয়ারণ্যে ছোট লেজওয়ালা মাকাকিউ প্রজাতির একটি বানর ছানা জন্মেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সদ্যোজাত এই বানরটির নাম কী রাখা হবে তা নিয়ে জনমত চেয়েছিলেন। ওই চিড়িয়াখানায় এই ঘটনা নতুন কিছু নয়।
এর আগেও নতুন অতিথিদের নাম গণভোটের মাধ্যমে স্থির করা হয়েছিল। কিন্ত নামকরণ নিয়ে সমস্যা তৈরি হলো এই প্রথম। কী নাম দেওয়া হবে আগত দর্শনার্থীদের কাছে তা জানতে চেয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্ত নির্ধারিত সময়ের আগেই চিড়িয়াখানার তরফে বানরের নামকরণ করা হয় শার্লট।
বৃটেনের রাজপরিবারের এই নবতমার নামে নাম রাখার ব্যাপারটি অনেকেই ভালো চোখে নিলেন না। শার্লটের খাঁচার সামনে নামটি লিখে টাঙিয়ে দেওয়ার পর থেকেই প্রচুর ফোন কল এবং ই-মেল আসতে থাকে। নামটির পক্ষে ভোট পড়েছে ৫৯। বিপক্ষে ভোট পড়েছে ৮৫৩টি। সংখ্যাগরিষ্ঠ দর্শক তীব্র আপত্তি জানিয়েছেন।
শেষ পর্যন্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়ে নামটি পাল্টে ফেলতে বাধ্য হলেন। যদিও এই নবাগতা বানরের নতুন নাম কী হবে, তা এখনও জানা যায়নি। খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে।- ওয়েবসাইট
এএইচ





