ইরানের রাজধানী তেহরানে আজ শুরু হয়েছে সিরিয়া বিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক।
শুক্রবার (০৭ সেপ্টেম্বর) ইরানের 'শীর্ষ সম্মেলন কেন্দ্রে' এখন এই বৈঠক চলছে।
বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ওরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন।
আজই বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন ৩ প্রেসিডেন্ট। তারা বৈঠকের ফলাফল নিয়ে কথা বলবেন। ত্রিদেশীয় শীর্ষ বৈঠক শুরুর আগে ৩ প্রেসিডেন্ট পরস্পরের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন।
সিরিয়া সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করাই আজকের শীর্ষ বৈঠকের প্রধান উদ্দেশ্য। সিরিয়ার শরণার্থীরা যাতে তাদের নিজ দেশে ফিরে আসতে পারে সে পরিবেশ তৈরি করার বিষয়টিও বৈঠকে অগ্রাধিকার পাবে।
বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূলোৎপাটনের উপায় নিয়েও কথা হবে। সিরিয়ার ইদলিবে যখন স্থল অভিযানের জন্য দেশটির সেনাবাহিনী ও মিত্র সেনারা প্রস্তুতি নিয়েছে ঠিক তখনি এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
২০১৭ সালের জানুয়ারি মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার উদ্যোক্তা ছিল তুরস্ক, ইরানও রাশিয়া।
আস্তানা সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ওই সম্মেলন থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এর জেরে দেশটির সহিংসতা অনেকাংশে কমে আসে।
এর আগে রুহানি, পুতিন ও এরদোগান ২০১৭ সালের ২২ নভেম্বর রাশিয়ার সোচি শহরে প্রথম সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
২০১৮ সালের ৪ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তিন প্রেসিডেন্টের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজ (শুক্রবার) তেহরানে তাদের মধ্যে তৃতীয় বৈঠক যাচ্ছে।
এমবি





