চার বছর পর ইরানে আবার নতুন করে দূতাবাস খুলছে যুক্তরাজ্য। রবিবার তেহরানে ব্রিটিশ দূতাবাস নতুনভাবে যাত্রা করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির (যুক্তরাজ্য) পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ড। একই দিন লন্ডনেও বন্ধ দূতাবাস খুলবে ইরান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০১১ সালে তেহরানে ব্রিটিশ দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই ঘটনার পর থেকে দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাজ্য। একই সঙ্গে লন্ডনেও দূতাবাস বন্ধ করে দেয় ইরান।

এক বিবৃতিতে রবিবার ফিলিপ বলেন, ‘ব্রিটিশ দূতাবাসে হামলার চার বছর হলো। আমি আজ এটা নতুন করে খুলছি।’

ফিলিপ আরও বলেন, ‘একই সঙ্গে লন্ডনেও দূতাবাস খুলবে ইরান। ২০১১ সালের তুলনায় এখন আমাদের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে।’

পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বৈরী সম্পর্ক কিছুটা হলেও ঘুঁচেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে গত মাসে ছয় পরাশক্তির সঙ্গে সমঝোতা চুক্তিও হয়েছে। ওই বৈঠকে ইরানে গিয়েছিলেন ফিলিপ। ২০০৩ সালের পর প্রথম কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর ছিল সেটা এবং সেই সফরেই নতুন করে দূতাবাস খোলার বিষয়টি গতি পায়।

এএইচ