ইরাকে কোন ধরনের 'ব্যবস্থা' নিবেন, তা নির্ধারণ করতে আরও কয়েকদিন সময় নিবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে, দেশটিতে কোনও মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানান তিনি। শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।
এদিকে, সুন্নী বিদ্রোহীরা দেশটিতে একের পর এক শহর দখল করে চলেছে। এর বিপরীতে শিয়াদেরকেও অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানালেন দেশটির একজন সিনিয়র শিয়া নেতা। শিয়ারাও যদি অস্ত্র তুলে নেয় তাহলে নিশ্চিত গৃহযুদ্ধের দিকে যাবে দেশটি। খবর বিবিসি ও রয়টার্সের।
ইরাকের শিয়াদের অন্যতম শীর্ষস্থানীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আলী-সিস্তানি শুক্রবার জুমার নামাজের পর এ আহ্বান জানান।
এদিকে, সুন্নীপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দা লেভান্তে (আইএসআইএল) একের পর এক শহর দখল করে চলেছে। শুক্রবার আরও দুটি শহর দখল করেছে তারা। আরেকটি শহর দখল করার পথে রয়েছে।
আইএসআইএল এখন রাজধানী বাগদাদের কাছাকাছি রয়েছে। বাগদাদেও তারা হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। এমনকি শিয়া অধ্যুষিত ইরাকের দক্ষিণাঞ্চলেও তাদের হামলার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে নাজাফ ও কারবালাও রয়েছে। সূত্র: বিবিসি ও রয়টার্স
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





