ইন্দোনেশিয়ায় ধূমপান এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ধূমপায়ীদের মধ্যে ৪ বছরের শিশু থেকে শুরু করে ৮০/৯০ বছরের বৃদ্ধও রয়েছে। দেশটির পুরুষ জনসংখ্যার মধ্যে ৬০ শতাংশই ধূমপায়ী। খবর টাইমসের।

ধূমপান ইন্দোনেশিয়ার এত গভীরে চলে গেছে যে, তা দূর করা এখন দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। বাবা-মায়ের সামনেই ছোট ছোট শিশু ধূমপান করতে দেখা যায় দেশটিতে। এমনকি দশ বছরের কম বয়সী এমন শিশুও রয়েছে যারা প্রতিদিন দুই প্যাকেট সিগারেট খেয়ে ফেলে।

ধূমপান ইন্দোনেশিয়ার এত গভীরে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে অর্থনীতি। দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে তামাক চাষ, সিগারেট ফ্যাক্টরির। তামাক প্রক্রিয়াজাতকারী ফ্যাক্টরিগুলো খুবই লাভজনক। অনেক পরিবারই রয়েছে যারা তামাক চাষের উপরই পুরোপুরি নির্ভরশীল।

এসবের ফলে, অনেক শিশুই খুব ছোটবেলা থেকেই তামাক, তামাক প্রক্রিয়াজাত ও সিগারেটের মহোৎসবের মধ্যেই বেড়ে উঠে। দেশটিতে তামাক নিয়ন্ত্রণ কোন আইন নেই বললেই চলে। ফলে, ইন্দোনেশিয়ায় এমন দৃশ্যও দেখা যায়, স্কুলগামী শিশুরা স্কুলে যাওয়া-আসার সময় স্কুল বাসে বসেই সিগারেট টানে।

সিগারেট পানের মাধ্যমে শিশুদের কোমলত্ব নষ্ট হচ্ছে। তাদের নিঃশ্বাস হয়ে উঠছে বিষাক্ত। সারাটি জীবনই তারা কাটিয়ে দেয় এই বিষ টানতে টানতে। সূত্র: টাইমস

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ