পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার একটি মাদ্রাসায় আগুন লেগে অন্তত ২৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানী মোনরোভিয়ার নিকটবর্তী পেইন্সভেল সিটির মাদ্রাসাটিতে আগুন লাগে বলে দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়ার টুইটের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মসজিদ সংলগ্ন মাদ্রাসাটিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীরা গভীর রাতে যখন ঘুমিয়ে ছিল, তখনই এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র মোজেস কার্টার। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রথমে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন কার্টার। কিন্তু পরে সংশোধন করে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। দগ্ধ আরও দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে এক টুইট বার্তায় পশ্চিম আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়া বলেন, 'গত রাতে পেইন্সভেল সিটিতে যে শিশুরা মারা গেছে তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি। ওই পরিবারগুলো ও পুরো লাইবেরিয়ার জন্য এটি একটি কঠিন সময়।
জানা গেছে, লাইবেরিয়ার বড় শহরগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত বৈদ্যুতিক সংযোগের ত্রুটিজনিত কারণেই সূত্রপাত ঘটা এসব অগ্নিকাণ্ডে ভবন ধসে পড়ার মতো ঘটনাও ঘটেছে। তবে এতো সংখ্যক মৃত্যুর ঘটনা এর আগে কখনই ঘটেনি।
এএস





