স্পেনের কাছ থেকে বেরিয়ে যেতে চায় ক্যাটালোনিয়া। স্বাধীন হয়ে যেতে চায়। এ জন্য আগামী ১লা অক্টোবর সেখানে গণভোটের বিষয়ে পার্লামেন্টে ভোট হচ্ছে। এতে ক্যাটালান পার্লামেন্টের সদস্যরা ভোট দিচ্ছেন।

আজ বুধবারের এই ভোটে যদি ওই গণভোট অনুমোদিত হয় তাহলে আঞ্চলিক কর্তৃপক্ষের জন্য স্বাধীনতার জন্য ভোটের পথ তৈরি হয়ে যাবে। তবে এমন গণভোটের বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটিকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে স্পেন সরকার। তারা ক্যাটালানকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসঙ্গে রাখার জন্য এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। মাদ্রিদ থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশনে আজকের এজেন্ডায় শেষ মুহূর্তে গণভোটের বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। দিন শেষে এর ওপর ভোট হতে পারে এবং স্বাধীনতাপন্থি সংখ্যাগরিষ্ঠদের ভোটে তা পাস হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তবে এই ভোটকে স্বীকৃতি দেয় না স্পেন সরকার ও জাতীয় পর্যায়ের বড় বড় বেশির ভাগ রাজনৈতিক দল। এই ভোট যাতে না হয় তা নিশ্চিত করতে আইনগত সব ব্যবস্থা নেয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। উল্লেখ্য, ক্যাটালোনিয়া হলো স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি এলাকা। সেখানে এরই মধ্যে শায়ত্ত্ব শাসিত সরকার রয়েছে।

এমএ