শিশুদের ওপর যৌন নিপীড়ন বা যেকোনো ধরনের যৌন হয়রানির অভিযোগ যথাযথভাবে আমলে নেওয়ার বদলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে বরখাস্ত করা হবে সংশ্লিষ্ট বিশপদের।
বিশপরা উচ্চপদস্থ খ্রিষ্টান যাজক। তাদের অধীনে থাকেন পুরোহিত বা সাধারণ যাজকরা। পুরোহিতদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিশপদের।
যৌন নিগ্রহের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দাবি, অভিযোগ করা হলে বিশপরা তা বিভিন্ন পন্থায় এড়িয়ে যান। কিন্তু পোপের নতুন ডিক্রিতে (ফরমান) বলা হয়েছে, পুরোহিতদের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে বিশপরা কোনো অবহেলা করলে, তাদের জবাবদিহি করতে হবে। এমন কি তাদের বরখাস্ত করা হবে।
পোপ আরো বলেছেন, যৌন নিপীড়নের ঘটনায় বিদ্যমান আইনে যে শাস্তির বিধান আছে, তা আরো কঠোর করা হবে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিশপদের কাছে পুরোহিতদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে এক গির্জা থেকে অন্য গির্জায় পাঠিয়ে দেওয়া হয়। যে কারণে এসব অভিযোগের বিচার হয় না।
এফএফ





