হাইতির এক কিশোরীর মুখ থেকে প্রায় দুই কেজি (এক কেজি ৮১৪ গ্রাম) ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। ১২ ঘণ্টার এক জটিল অস্ত্রোপচারে এ টিউমারটি অপসারণ করা হয়। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে মিরর অনলাইন।
মুখের মতো স্পর্শকাতর জায়গায় প্রায় দুই কেজি টিউমারের অবস্থান অনেকের কাছে বিস্ময়ের উদ্রেক করেছে।
১৫ বছর বয়সী এই কিশোরীর নাম হেনগ্লিস ডরভিয়াল। ভার্জিনিয়ার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। 'অপারেশন স্মাইল' নামের চিকিৎসকদের একটি দাতব্য সংস্থা এই অপারেশনটি পরিচালনা করেছে।। আসলেই এই অপারেশনের মাধ্যমে ডরভিয়ালের মুখে হাসি ফুটিয়ে তোলা সক্ষম হয়েছে। এর আগে তার মুখ এক বীভৎস রূপ নিয়েছিল।
'অপারেশন স্মাইল' সাধারণত দরিদ্র দেশগুলোর শিশুদের ঠোঁট কাটা ও তালু ফাটা'র চিকিৎসা করে থাকে।
'অপারেশন স্মাইল'-এর প্রধান নির্বাহী ড. উইলিয়াম ম্যাকগি জানান, তার জীবনে দেখা সবচেয়ে বড় টিউমার এটি। উল্লেখ্য, ম্যাকগি নিজে এই টিউমার অপারেশনের একজন সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হেনগ্লিসের মুখের এ টিউমারটি শুরুতে খুবই ছোট ছিল। নাকের ডগায় মটরের দানার মতো ছিল শুরুর দিকে। প্রথম দিকে এটি বিপজ্জনক কিছু ছিল না।
হেনগ্লিসের চিকিৎসার খরচ জুগিয়েছেন মার্কিন ধনকুবের ল্যারি ও'রেইলি। হাইতিতে ভ্রমণের সময় তিনি হেনগ্লিসের দেখা পান। এরপর তাকে ভার্জিনিয়ায় এনে চিকিৎসার ব্যবস্থা করেন। সূত্র: মিরর অনলাইন
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]