ফিলিস্তিনের বিবাদমান দুই দল হামাস ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বা ফাতাহ-এর মধ্যে সমঝোতা হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছে আমেরিকা ও ইসরাইল। আমেরিকা ঘোষণা দিয়েছে, হামাস ও পিএলও যৌথভাবে সরকার গঠন করলে ফিলিস্তিনকে দেয়া সব ধরনের সহায়তা বন্ধ করে দেয়া হবে। ইসরাইলও ফিলিস্তিনের সাথে শান্তি আলোচনা বাতিল করে দিয়েছে। বৃহস্পতিবার এসব খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন ও বিবিসি।
প্রসঙ্গত, গতকাল বুধবার ফিলিস্তিনের এই দুটি বিবদমান দল ঐক্যমত্যের সরকার গঠনের লক্ষ্যে সমঝোতায় পৌঁছায়। আর এতেই শঙ্কিত হয়ে পড়েছে ইসরাইল ও তার বন্ধু আমেরিকা। ফিলিস্তিনকে দেয়া প্রতিশ্রুত বিভিন্ন সহায়তা বন্ধ করে দেয়ার জন্য বিভিন্ন অজুহাত বের করছে আমেরিকা।
মার্কিন কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিনে যদি এমনটি হয় তবে সহায়তার ব্যাপারটি 'পুনর্বিবেচনা' করা হবে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, 'ফিলিস্তিনে ঐক্যমত্যের সরকার গঠিত হলে আমরা সহায়তার বিষয়টি পুনর্বিবেচনা করবো। ফিলিস্তিনকে দেয়া বিভিন্ন শর্ত, নীতি ও কর্মপন্থার আলোকে আমরা আমাদের নীতিগত বিষয়গুলো বিবেচনা করে দেখব। এর ভিত্তিতেই আমাদের সহায়তার বিষয়টি নির্ধারিত হবে, যা মার্কিন আইন দ্বারা নিয়ন্ত্রিত।'
দীর্ঘ সাত বছরের বিরোধিতা ও রেষারেষির এক পর্যায়ে গত বুধবার হামাস ও ফাতাহ নিজেদের মধ্যে ঐক্যমত্যে পৌঁছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন ও বিবিসি
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]