ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে খালিস শহরে একটি গাড়িবোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২১ জন। এতে আহত হয়েছে ৩৭ জন।
আলজাজিরা অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বাগদাদের ৮০ কিলোমিটার দূরে খালিস শহরের একটি প্রবেশমুখে সোমবার সকালে সংঘটিত এ হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে এ ধরনের হামলার দায় স্বীকার করে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
ঘটনাস্থল থেকে এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, শহরে প্রবেশের জন্য গাড়িতে অপেক্ষা করছিলেন লোকজন। এ সময় হামলা হয়। যে কারণে হতাহতদের অধিকাংশই ছিলেন গাড়িতে অপেক্ষমাণ ব্যক্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, হামলার শিকার হয় একটি মিনিবাস, যাতে নারী ও শিশুরা ছিল। এ ছাড়া অনেক গাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বাগদাদের পাশে কাদিমিয়া শহরে রোববার বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত হওয়ার একদিন পর খালিস শহরে এ ভয়াবহ হামলা হলো। কাদিমিয়ায় হামলার দায় স্বীকার করে আইএস।
এমআইএস





