লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় আত্মঘাতী এক গাড়িবোমা হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির শিয়া সশস্ত্র যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর একজন আঞ্চলিক নেতাও রয়েছেন। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর আল জাজিরার।
হামলাটি ঘটেছে সিরিয়ার সীমান্ত সংলগ্ন বেকা উপত্যকায়। নিহতদের মধ্যে হিজবুল্লাহর স্থানীয় নেতা আবদুল রহমান আল-কাধিও রয়েছেন।
লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী একটি গাড়িতে করে হামলা চালায়। হিজবুল্লাহ সদস্যরা হামলার আগে বুঝতে পেরে তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
প্রসঙ্গত, হিজবুল্লাহ অধ্যুষিত লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে সম্প্রতি আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা বেড়েছে। মূলত সিরিয়ায় বাশার আল আসাদের সমর্থনে শিয়া এই গোষ্ঠীটি যোদ্ধা পাঠানোর পর থেকেই তাদের উপর হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার জন্য লেবাননের সুন্নী গোষ্ঠীগুলোকে সন্দেহ করা হয়ে থাকে। সূত্র: আল জাজিরা
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]