বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আবার ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্র।

শনিবার (০৪ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২২৪ জন। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত যেকোনও দেশের জন্যই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে গত শুক্রবার ১ হাজার ৯৪ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র।

জন হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৮ হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৭৬ জন।

দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৬২৪ জন মারা গেছেন। নিউ জার্সিতে মারা গেছেন ৪৫৪ জন, মিশিগানে ২৫২ ও ওয়াশিংটনে ২০০ জন। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে ১৪ হাজার ৯৯৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এমবি