ভূমধ্যসাগরে ৩০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকার আরোহীরা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থী বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে সাইপ্রাসের পশ্চিম উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কাউকে জীবিত বা মৃত উদ্ধারের খবর পাওয়া যায়নি। খবর বিবিসি ও আল জাজিরার।

সাইপ্রাসের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে তারা একটি বিপদ সংকেত পান। বিপদ সংকেতটি একটি ছোট নৌযান থেকে পাঠানো হয়ে বলেও জানান তারা। স্থানটি সাইপ্রাসের পশ্চিম উপকূলীয় শহর পাফোস থেকে প্রায় ৫৫ নটিক্যাল মাইল বা ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

নৌযানটির আরোহীদের বেশিরভাগই নারী ও শিশু বলে ধারণা করা হচ্ছে। সাইপ্রাসের সামরিক হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা গেছে, ছোট্ট নৌযানটির ডকে কয়েক ডজন মানুষ বসে আছেন। কিন্তু আবহাওয়া বৈরী হওয়ায় সেখানে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত সাইপ্রাসের কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

চলতি বছর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঘটনা ব্যাপকহারে বেড়ে গেছে। আফ্রিকা থেকে মূলত লিবিয়া হয়ে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেয় আফ্রিকান অভিবাসীরা। অন্যদিকে, গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার নাগরিকরাও ব্যাপকহারে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। আর এক্ষেত্রে তাদের প্রথম লক্ষ্য হচ্ছে ভূমধ্যসাগরীয় দেশ ইটালি এবং মাল্টা। সূত্র: বিবিসি ও আল জাজিরা

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ