শুক্রবার জুমার নামাজের সময় পবিত্র আল আকসা মসজিদের সামনে টিয়ার গ্যাস এ স্টান গ্রেনেড (এক ধরনের চেতনানাশক গ্রেনেড) নিক্ষেপ করেছে ইসরাইলি পুলিশ ও সেনারা। এতে বেশ কয়েকজন মুসুল্লি আহত হয়েছেন। এ ছাড়া, পাঁচজন ফিলিস্তিনিকে সেখান থেকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
আহতদের মধ্যে ফিলিস্তিনের একজন ফটোসাংবাদিকও রয়েছেন। ওমার আওয়াদ নামের ওই সাংবাদিক স্টান গ্রেনেডের আঘাতে আহত হন।
উল্লেখ্য, শুক্রবার সকালে আল আকসা মসজিদের আল-মাঘারবেহ গেটে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেন।
এরপর তারা মসজিদ চত্বরে একটি প্রতিবাদ মিছিল বের করেন। তখন ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনী টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।
প্রসঙ্গত, আল আকসা হচ্ছে মুসলমানদের তৃতীয় মর্যাদসম্পন্ন মসজিদ। ইহুদিদের কাছেও স্থানটি পবিত্র। তাদের দাবি এ স্থানটি হচ্ছে তাদের টেম্পল মাউন্ট। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় এই এলাকাটি দখল করে নেয় ইসরাইল। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





