যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের ‘ফোর্টি টু স্ট্রিট ও এইটথ এভিনিউতে’ অবস্থিত পোর্ট অথরিটি বাস টার্মিনালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে আহত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আকায়েদ উল্লাহ নামের ওই সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, বিস্ফোরণে ওই আটককৃত ব্যক্তি ছাড়া আরও তিন জন সামান্য আহত হয়েছেন। এছাড়া, আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, জঙ্গি গোষ্ঠী আইএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাস টার্মিনালে বাড়িতে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আকায়েদ উল্লাহ। এতে সে নিজেই সবচেয়ে বেশি আহত হয়েছে। তার পরিচয় দেয়া হয়েছে, তিনি ব্রুকলিনের বাসিন্দা।

এদিকে এনবিসিতে প্রকাশিত খবর অনুসারে, এফবিআইয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত যৌথ টাস্কফোর্স ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। আর বিস্ফোরণের এ ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে নিজের টুইটার পোস্টে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স।

এমবি