বাংলাদেশের মতো গুরত্বপূর্ণ বন্ধু দেশকে টিকা সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
তিনি বলেন, “ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি, উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারব। তবে আমি এ ব্যপারে নির্দিষ্ট কোন দিন তারিখ বলতে পারছি না। উৎপাদন বাড়ছে এটা ইতিবাচক দিক।”
শুক্রবার (২৩ জুলাই) ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী আরও বলেন, “কোভিডের মধ্যে গত এক বছরে ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশেও ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা ভাল থাকে তাহলে কোভিড অতিমারির মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখতে পারব। বাংলাদেশও কোভিডের বিরুদ্ধে লড়াই করছে। এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে আমরা খুশি হব।”
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো: আব্দুল হামিদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রীক ভারতে যান।
এমবি





