আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদে মিলাদুন্নবীর জমায়েতকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।
এছাড়াও আহত আছে প্রায় শতাধিক। মঙ্গলবার কাবুলের একটি হলে হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন পালনের জন্য উপস্থিত হয় সহস্রাধিক মানুষ। মূলত কুরআন আবৃত্তি শোনার জন্য সেখানে জড়ো হয়েছিল তারা।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, ‘একজন আত্মঘাতী হামলাকারী একটি ওয়েডিং হলে বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। যেখানে ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্মদিন পালনের জন্য শতাধিক মাওলানা ও আলেম উপস্থিত হয়েছেন।’
এটি আফগানিস্তানে সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে অন্যতম। এর আগে হামলাগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে তালেবান বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জড়িত থাকলেও এই ঘটনায় এখন পর্যন্ত কেউ দ্বায় স্বীকার করে নি।
তবে ঘটনার পরপরই এই হামলার সাথে তালেবানের কোন যোগসাজোশ নেই বলে জানানো হয় তালেবানের পক্ষ থেকে। পাশাপাশি এই বর্বর হামলায় নিন্দাও জানায় তারা।
জেড





