পাকিস্তান সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের পাহাড়ি এলাকা নানগড়হর প্রদেশে ‘মাদার অব অল বম্বস’ শক্তিশালী বোমায় গুঁড়িয়ে দেয়া জঙ্গিগোষ্ঠী আইএসের ঘাঁটিটি নির্মাণে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।

গুহা ও সুড়ঙ্গে ভরপুর ওই ঘাঁটি ব্যবহার করেই আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আটক করতে অভিযান চালিয়েছিল মার্কিন বাহিনী।

বৃহস্পতিবার ‘মাদার অব অল বম্বস’ মার্কিন বোমায় ঘাঁটি উড়িয়ে দেয়ার পর উইকিলিকস তাদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে বিষয়টি জানিয়েছে।

প্রমাণ হিসেবে, ওই টুইটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দৈনিক নিউ ইর্য়ক টাইমসের একটি প্রতিবেদনও যুক্ত করেছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস।

২০০৫ সালে প্রকাশিত নিউ ইর্য়ক টাইমসের ওই প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের মিডিয়াইট.কমের খবরে বলা হয়, আশির দশকে সিআইএ আফগানদের সোভিয়েতবিরোধী লড়াইকে শক্তিশালী করতে এ গুহা ও সুড়ঙ্গ নির্মাণে অর্থায়ন করে।

তোরা বোরা পাহাড়ে এ ঘাঁটি ‘মুজাহিদীনদের জন্যে সিআইএ’র অর্থায়নে কমপ্লেক্স নির্মাণ’ (‘পার্ট অব অ্যা সিআইএ ফিন্যান্সড কমপ্লেক্স বিল্ট ফর দ্য মুজাহিদীন) হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সিআইএ’র অর্থায়নে তোরা বোরা পাহাড়কে ঘিরে সরঙ্গ ঘাঁটি নির্মাণ করেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। সোভিয়েতবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে আফগানিস্তানকে মুক্ত করতে এগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল মুজাহিদীনরা।
পরবর্তীতে তোরা বোরা পাহাড়ে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের সময় লাদেনের বিরুদ্ধেও এসব সুড়ঙ্গ ও গুহা ব্যবহার করে অভিযান চালায় মার্কিন বাহিনী। যদিও সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান ওই আল কায়েদা নেতা।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ জানায়, ইউনিস খালিস নামে এক জঙ্গি নেতা মুজাহিদীনদের পরিচালনা করতেন। তিনিও সড়ঙ্গগুলো ব্যবহার করেই অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ করতেন এবং সোভিয়েতপন্থিদের বিরুদ্ধে নিজস্ব সম্পদ থেকে অর্থলগ্নি করতেন। লাদেনকেও বিভিন্নভাবে সহযোগিতা করতেন তিনি। আর এভাবেই তালেবানের সঙ্গে তাদের সংযোগ গড়ে ওঠে।

জানা যায়, পাহাড় শ্রেণিবেষ্টিত নানগড়হরে প্রচুর পপি চাষ হয়। এসব ক্ষেতে উৎপাদিত পপি থেকে আইএস বিপুল পরিমাণ আফিম ও অর্থ সংগ্রহ করে।
এসব সুড়ঙ্গ ব্যবহার করেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে মানবপাচার ও অস্ত্র পাচার সিন্ডিকেট গড়ে ওঠে।

এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের নানগড়হরে মার্কিন শক্তিশালী বোমা ‘মাদার অব অল বম্বস’ ফেলা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রের ফেলা ওই বোমায় কমপক্ষে ৯২ জঙ্গি নিহত হয়েছে।

মাহমুদ