ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

চীন ও পাকিস্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৬ আগস্ট) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে জম্মু-কাশ্মির পরিস্থিতি পর্যালোচনা করেন নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।

এর ফলে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মির বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হলো।

জাতিসংঘ নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি বলেন, এই বৈঠক প্রমাণ করেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনগণের চিৎকার-ধ্বণি জাতিসংঘের কানে পৌঁছেছে। তিনি দাবি করেন, নিরাপত্তা পরিষদ সব সদস্য দেশ আরেকবার জম্মু-কাশ্মির সম্পর্কে এই পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: জায়গা নেই কাশ্মীরের কারাগারে, ভাড়া নিচ্ছে গেস্ট হাউস, হোটেল 

অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, কাশ্মির ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে বাইরের কারো হস্তক্ষেপ করা উচিত নয়। এছাড়া, নিরাপত্তা পরিষদের এই বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে। এর ফলে কাশ্মিরে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং সম্ভাব্য গোলযোগ প্রতিহত করতে সেখানে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়।

ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিলে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। ভারতের পদক্ষেপের কারণে ওই অঞ্চলে উদ্ভূত সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় পাকিস্তান। কাশ্মীর প্রশ্নে ভারতের পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে।

চীনও পাকিস্তানের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতি বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানায়। এরফলে জম্মু-কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

কাশ্মিরের বিশেষ ক্ষমতা বাতিলের ফলে এখন হিন্দু অভিবাসীরা কাশ্মিরের জমি কিনে সেখানে বসবাস করতে পারবেন। বিশেষ ক্ষমতার কারণে জম্মু-কাশ্মিরের স্থায়ী অধিবাসী নন এমন কারো পক্ষে সেখানকার জমি কেনা সম্ভব ছিল না।

ভারত সরকার কয়েক দশক ধরে নিজের নিয়ন্ত্রিত কাশ্মিরে লাখ লাখ সেনা মোতায়েন করে রেখেছে। কাশ্মিরের জনগণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাশ্মির সংক্রান্ত প্রস্তাবের বাস্তবায়ন চান যেখানে এই অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের বিষয়টি সেখানকার জনগণের মধ্যে গণভোট আয়োজনের মাধ্যমে মীমাংসা করার কথা বলা হয়েছে। ভারত সরকার অবশ্য নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব মেনে নিতে অস্বীকার করেছে।

এমবি