সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে প্রতিবেশি ইরাককে সমর্থন দেয়া অব্যাহত রাখবে ইরান। তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী হায়দার এবাদির সঙ্গে (বুধবার) এক বৈঠকে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেন, ইরানের নিরাপত্তা প্রতিবেশি ইরাকের সঙ্গে একসূত্রে গাঁথা। তবে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে এবং সন্ত্রাসকে চূড়ান্তভাবে পরাজিত করার প্রধান দায়িত্ব হচ্ছে ইরাকের সেনাবাহিনী ও দেশটির জনগণের।

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে কখনো ইরানের জনগণ ও সরকার ইরাকের পাশ থেকে সরে যায় নি এবং এ সমর্থন অব্যাহত থাকবে। ইরাক ও ইরানে শান্তি এবং স্থিতিশীলতা এ অঞ্চলের প্রতিবেশি দেশগুলোর উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ইরাকের জনগণের মধ্যে বিভক্তির বীজ রোপন করে কিছু দেশ তাদের স্বল্প মেয়াদি স্বার্থ আদায়ের চেষ্টা করছে উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য ইরাকের উচিত জাতীয় ঐক্য জোরদারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের প্রতি অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ইরাক ও মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে নির্মূল করা হবে বলে তিনি উল্লেখ করেন। আইআরবি

ইআর