হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এরপর এখন ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের বাহামাস ও ফ্লোরিডা উপকূলের দিকে সরে যাচ্ছে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি হাইতিতে আঘাত হানে।

চার মাত্রার ওই হারিকেনটি হাইতির পশ্চিমাঞ্চল অতিক্রম করে কিউবার পূর্বাঞ্চলে গিয়ে পৌঁছায়। হারিকেনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

তবে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, ঝড়ে উপড়ে পড়া গাছের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অনেক জায়গায় ভূমিধ্বসের খবর পাওয়া যাচ্ছে। এসব ক্ষয়ক্ষতি হয়েছে মূলত হাইতির পশ্চিমাঞ্চলে।

বিগত এক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ। এই ক্ষয়ক্ষতির জন্য বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ম্যাথিউয়ের কারণে ১৫ লাখেরও বেশি মানুষ ঘর ছেড়েছে। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত তারা। ইতোমধ্যে এলাকাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: রয়টার্স


এমএনজে