কথিত ‘লাভ জিহাদ’ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সংসদ সদস্য স্বামী সচ্চিদানন্দ হরি সাক্ষি মহারাজ। তিনি মাদ্রাসাগুলোকে 'সন্ত্রাসবাদের আখড়া' বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, মাদ্রাসার মাধ্যমে সারা দেশে ‘লাভ জিহাদ’ এর ষড়যন্ত্র করা হচ্ছে। তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

স্বামী সচ্চিদানন্দ এক বিবৃতিতে দাবি করেন, ‘যেসব জায়গায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে থাকে। কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় এসব ঘটনা ঘটে না।’ তিনি তাঁর নিজের পক্ষে সাফাই দিয়ে দাবি করেন ‘এই কথা শুধু আমি এবং যোগী আদিত্যনাথই বলছি না, জাপানের প্রধানমন্ত্রীও বলেছেন- যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে থাকে।’

তার দাবি- সাবেক প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালামও বলেছেন ভারতে অনেক মাদ্রাসা আছে যেগুলো দ্রুত বন্ধ করে দেয়া উচিত। কারণ এইসব মাদ্রাসায় শুধু 'সন্ত্রাসী কাজকর্ম' শেখানো হয়। ওই সাংসদ মন্তব্য করেন-যোগী আদিত্যনাথ, জাপানের প্রধানমন্ত্রী এবং এ পি জে আব্দুল কালামের সাথে এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত।
দেশের মাদ্রাসাগুলোকে সরকারি নিয়ন্ত্রণে এনে এখানে কী কাজকর্ম হয় তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে ওই সাংসদ জানান। তাঁর দাবি- ‘মাদ্রাসায় ‘লাভ জিহাদ’ এর ষড়যন্ত্র চলছে। জিহাদ চালানোর জন্য তারা আরব দেশ থেকে টাকা পেয়ে থাকে।’

৫ বার নির্বাচিত বিজেপির ওই সংসদ সদস্য আরো বলেন, ‘আমার মনে হচ্ছে দেশকে ইসলামীকরণের জন্য ষড়যন্ত্র চলছে। এ সবের তদন্ত হওয়া প্রয়োজন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’

বলাবাহুল্য, কথিত ‘লাভ জিহাদ’ নিয়ে এর আগে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ এবং অন্যান্য কতিপয় হিন্দুত্ববাদী নেতা বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তাদের সাথে যোগ হল সাংসদ স্বামী সচ্চিদানন্দের নাম।

ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই