যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের পুলিশ ও কৃষ্ণাঙ্গ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশ ও কৃষ্ণাঙ্গরা যেন পরস্পরবিরোধী দুটি পক্ষ হয়ে না দাঁড়ায় তিনি সে আহ্বানও জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এবিসি নিউজের একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডালাসে ব্ল্যাক লাইভস ম্যাটার নামের একটি সংগঠনের বিক্ষোভ মিছিল চলাকালে হামলাকারীর গুলিতে নিহত হয় পাঁচ পুলিশ। এর আগে ৫ জুলাই লুইজিয়ানার ব্যাটন রুজে পুলিশ অ্যাল্টন স্টারলিং নামে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে। পরের দিন মিনেসোটায় ফিলান্দো ক্যাসটিল নামে আরেক কৃষ্ণাঙ্গকে হত্যা করে পুলিশ।

ওবামা বলেন, পুলিশের ওপর অবিশ্বাস কিংবা কালোদের ওপর অবিশ্বাস নিয়ে তরুণ প্রজন্ম বেড়ে উঠুক এটা আমি চাই না। যেসব পুলিশ চাকরিতে কিংবা পেশার বাইরে ভালো কাজ করছে, কেবল অপরাধীরাই তাদের জন্য হুমকি নয়, বরং সমাজের লোকজনও তাদের অবিশ্বাস করছে।

অনুষ্ঠানে ওবামা বর্ণবাদ বিষয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বর্ণনা করেন। হাওয়াইয়ে বেড়ে ওঠার সময় প্রতিবেশী এক নারীর কাছ থেকে পাওয়া বর্ণবাদী আচরণের বর্ণনা দেন তিনি।

ওবামা বলেন, ‘একদিন ওই নারী আমার সঙ্গে লিফটে যেতে অস্বীকার করেন। আমার সঙ্গে লিফটে যেতে ভয় পাচ্ছিলেন তিনি।’

তিনি বলেন, তিনি বড় হচ্ছিলেন আর কালো মানুষদের ভয় পাওয়ার মানসিকতাও সমাজে বাড়ছিল।

জেড