ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেছেন, সম্ভাব্য চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি কখনোই মেনে নেয়া হবে না।
চূড়ান্ত পরমাণু চুক্তিতে ইরানের সামরিক পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার যে দাবি করেছেন তার পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি।
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি বলেন, আগের আলোচনাগুলো সময় তেহরানের কর্মকর্তারা পরিষ্কার ভাষায় এবং সর্ব সম্মত ভাবে বলেছেন যে ইরানি সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করতে দেয়া হবে না।
তিনি বলেন, ইরানের সামরিক কেন্দ্রগুলো পরিদর্শন নিয়ে আমেরিকার গুরুত্বারোপের বিষয়টিকে হোয়াইট হাউজের সুপ্ত বাসনা হিসেবে অভিহিত করা যায়, যা কখনোই বাস্তবায়িত হবে না।
তিনি বলেন, ইরানের সামরিক কেন্দ্রগুলো পরিদর্শনের অভিলাষ প্রকাশ করার মধ্য দিয়ে বোঝা যায়, বক্তব্য যিনি দিয়েছেন তার বোধশক্তি কম অথবা পরমাণু আলোচনা নিয়ে মার্কিন পক্ষের প্রচণ্ড একপেশে দৃষ্টিভঙ্গি রয়েছে।
এ দিকে, আন্তর্জাতিক পরিদর্শক দলকে ইরানের সামরিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেয়া হবে বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে এর আগে তা নাকচ করে দিয়েছেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান।
তিনি বলেন, এ জাতীয় কোনো অনুমতি দেয়া হয় নি; ইরানের যে সব রেড লাইন রয়েছে তার অন্যতম হলো সামরিক কেন্দ্র পরিদর্শনের বিষয়টি এবং আন্তর্জাতিক পরিদর্শক দলকে এ সব কেন্দ্র পরিদর্শন করতে দেয়া হবে না। রেডিও তেহরান
ইআর





