জেলে আটক একজন চীনা অধ্যাপককে এক সপ্তাহেরও বেশি সময় ধরে খাবার দেওয়া হয়নি। তার পায়ে শিকল পড়ানো হয়েছে।
জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের ঐ মুসলিম অধ্যাপকের নাম ইলহাম তুহতি। তিনি অর্থনীতি বিষয়ে পাঠদান করে থাকেন। জানুয়ারি মাসে আটকের পর তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ আনা হয়।
বিবিসি'র সাংবাদিক জন সুডওর্থ বলেছেন, অধ্যাপক তুহতি বিচ্ছিন্নতাবাদের সাথে সংশ্লিষ্ট- এমন কোনো রেকর্ড নেই। চীন সরকার উইঘুর মুসলিমদের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে, সেগুলোর একজন সমালোচক এই অধ্যাপক।
তুহতি গ্রেফতারের পর তার সাথে সম্প্রতি প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন তার আইনজীবী লি ফাংপিং।
তিনি বলেন, মার্চ মাসে কুনমিং ট্রেন স্টেশনে হামলায় ২৯ জন নিহত হওয়ার পর ১০ দিন তার মক্কেলের জন্য খাবার সরবরাহ করা হয়নি।
লি আরো বলেন, অধ্যাপক তুহতির বিশ্বাস তিনি সব সময় দেশের জাতীয় স্বার্থে চেষ্টা করেছেন। হ্যাং ও উইঘুর সম্প্রদায়ের অভিন্ন স্বার্থে কাজ করেছেন।
উল্লেখ্য, হালাল খাবার সরবরাহ না করার প্রতিবাদে গত জানুয়ারি মাসে ১০ দিনের জন্য অনশন করেছিলেন এই চীনা অধ্যাপক। পরে স্বাস্থ্যের অবনতি ঘটলে দুধ পান করিয়ে জোর করে তার অনশন ভাঙা হয়। সূত্র: বিবিসি।
২৭জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





