সিরিয়ার ইদলিবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক।
রোববার (০১ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে, খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।
মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে বলা হয়, আমাদের বিমানে হামলার পরেই আসাদ সরকারের দুটি সুখোই যুদ্ধবিমান-২৪ ভূপাতিত করা হয়েছে।
এতে আরও যোগ করা হয়, একটি বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা যা তুর্কি সশস্ত্র ড্রোনটি নিচে নামিয়েছিল এবং দুটি অন্য বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তুর্কি সেনাদের ওপর ধ্বংসাত্মক হামলার পরে আঙ্কারা রোববার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড শুরু করার ঘোষণা দিয়েছে। ওই হামলায় তুরস্কের ৩৩ জন নিহত এবং কয়েক ডজন সেনা সদস্য আহত হয়েছেন।
তুরস্কের পাল্টা হামলায় আসাদ বাহিনীর ২৬ সেনা নিহত
সিরিয়ার ইদলিব ও আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। এই হামলায় আসাদ বাহিনীর অন্তত ২৬ সেনা নিহত হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) আসাদ বাহিনীর ওপর এই হামলা হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
নিহতদের মধ্যে তিন ঊর্ধ্বতন জেনারেলও রয়েছেন। এছাড়া হামলায় সিরিয়ায় তৎপর ইরান সমর্থিত ২১ বিদ্রোহীও নিহত হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যা করে আসাদ বাহিনী।
শনিবারের (২৯ ফেব্রুয়ারি) পাল্টা প্রতিশোধ নিলো আঙ্কারা।
আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়ার প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সিরিয়ায় তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়াতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তথ্য সূত্র- স্ট্রেইট টাইমস, ডেইলি সাবাহ
এমবি





