জম্মু-কাশ্মীর নিয়ে চলমান সংকটের মধ্যে ভারতীয় সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতে তৈরি পণ্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক স্পেশাল অ্যাসিসট্যান্ড ফিরদৌস আশিক আওয়ান বলেছেন, আমরা ভারতীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করেছি। সিডির দোকানগুলোতে ভারতীয় সিনেমার সিডি জব্দ করতে দমন অভিযান শুরু করেছি, খবর ডন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফিরদৌস আশিক বলেন, এরই মধ্যে রাজধানী ইসলামাবাদে ভারতীয় সিনেমার সিডি বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাদেশিক সরকারগুলোর সহযোগিতায় এই অভিযান শিগগিরই শুরু হবে দেশের অন্যান্য অংশে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইসলামাবাদের সিডি বিক্রয়কারী দোকানগুলোতে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ভারতীয় সিনেমার সিডি।
এদিকে, ভারতে তৈরি পণ্যের বিজ্ঞাপন টেলিভিশন ও রেডিও নেটওয়ার্কে সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। এই মর্মে তারা বুধবার (১৪ আগস্ট) লাইসেন্সধারী সব টেলিভিশন ও রেডিওকে চিঠি ইস্যু করেছে।
গত বছর অক্টোবরে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচারের অনুমতি প্রত্যাহার করেছিল, সে কথাও জানিয়ে দেয়া হয়েছে এতে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে।
এমবি





