ফার্গুসনের একটি সড়কে গত ৯ আগস্ট এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়ার পর এলাকাটিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের বিক্ষুব্ধ ফার্গুসন শহরতলিতে গতকাল শনিবার পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অস্পষ্ট।

পুলিশের বরাতে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ওই পুলিশ কর্মকর্তা হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি কোন পরিস্থিতিতে গুলিবিদ্ধ হয়েছেন, তা জানা যায়নি।

গত ৯ আগস্ট ফার্গুসনের একটি সড়কে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন (১৮) নিহত হন। এরপর এলাকাটিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানে এখনো বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে।

গত সপ্তাহে পুলিশ সতর্ক করে বলেছে, তারা আর কোনো সহিংসতা সহ্য করবে না।

ঢাকা,২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ