মুক্তি পেয়েছেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক। ছয় বছর বন্দী থাকার পর শুক্রবার তিনি মুক্তি পান। ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মিসরের সাবেক এই একনায়ক।
আলজাজিরার খবরে বলা হয় হোসনি মোবারকের আইনজীবী ফরিদ আল-দীব এএফপিকে জানান, শুক্রবার রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি সামরিক হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন তিনি। অসুস্থ থাকায় ওই হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুর দিকে মিসরের উচ্চ আদালত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে মোবারককে খালাসের আদেশ দেন। ২০১১ সালে আরব বসন্তের সময় মোবারকের সরকারবিরোধী আন্দোলনে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হন। পরে ক্ষমতাচ্যুত হন মোবারক। ওই বছরের এপ্রিলে বন্দী করা হয় মোবারককে, মুখোমুখি করা হয় বিচারের।
বর্তমানে হোসনি মোবারকের বয়স ৮৮ বছর। ১৯৮১ সালে আনোয়ার সাদাত নিহত হওয়ার পর মিসরের প্রেসিডেন্ট হয়ে টানা তিন দশকের বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন।
এমই





