গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার শর্ত হিসেবে হামাসকে নিরস্ত্র করার যে দাবি ইসরাইল করছে তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ এই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এ ব্যাপারে বলেছেন, "ইসরাইলের দাবির কাছে আত্মসমর্পণ করবে না তার সংগঠন।"
শুক্রবার জুম্মার নামাজের পর এক সমাবেশে হানিয়া বলেন, "দখলদার শক্তির বিরুদ্ধে হামাস প্রতিরোধ করার অধিকার রাখে। ফলে ফিলিস্তিনিদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আলোচনার ইস্যু হতে পারে না।"
ইসমাইল হানিয়া স্পষ্ট করে বলেন, “আমরা যুদ্ধের ডাক দেইনি, আমরা যুদ্ধ চাইও না কিন্তু শত্রু যদি চায় তাহলে আমরা আবার যুদ্ধেই ফিরে যাব।”
চলতি মাসের শেষ দিকে মিশরের রাজধানী কায়রোয় ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা হওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনিরা বলছেন, গাজার ওপর থেকে সাত বছরের অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিতে হবে। অন্যদিকে, ইসরাইল দাবি করছে হামাসকে নিরস্ত্র করতে হবে। অথচ গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়া হবে এবং হামাসের দাবিগুলো পূরণ করা হবে- এমন কথার ভিত্তিতে গত ২৬ আগস্ট ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





