চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত এক দিনেই আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে চার হাজার ৩২ জনে।
ভাইরাসটির বিস্তার ঠেকাতে লকডাউন কার্যকর করে নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে দেশটির উত্তরাঞ্চলীয় লোমবার্দে এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ওই অঞ্চলে আপাতত ১১৪ জন সেনা মোতায়েন করা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যায় আগের দিনই চীনকে পেছনে ফেলেছে ইতালি। চীনা সরকারের তথ্য অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৫ জনের। তবে পশ্চিমা সংবাদমাধ্যমে চীনে মৃত্যুর সংখ্যার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ।
ইতালির সবচেয়ে উপদ্রুত এলাকাগুলোর একটি উত্তরাঞ্চলীয় লোমবার্দে। গত মাসে এই এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
সেখানে সহায়তা দিচ্ছে চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা। তারা বলছেন, লোমবার্দেতে আরোপিত নিষেধাজ্ঞা যথেষ্ট কঠোর নয়।
শুক্রবার (১৯ মার্চ) লোমবার্দে অঞ্চলের প্রেসিডেন্ট আত্তিলো ফোন্টানা বলেন, সরকার সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে। ওই অঞ্চলে আপাতত ১১৪ সেনা মোতায়েনের কথা জানিয়ে তিনি বলেন, “সংখ্যাটি খুবই অল্প তবে এটা ইতিবাচক। দুর্ভাগ্যজনকভাবে আমরা আক্রান্তের সংখ্যা কমার প্রবণতা দেখতে পাচ্ছি না, তা বাড়ছেই।”
মিলানের কর্মরত নার্স ড্যানিয়েলা কনফ্যালোনিয়েরি বলেছেন, “পরিস্থিতি এতোটাই মারাত্মক যে এখন আর মৃতদেহ গণনা করা যাচ্ছে না।”
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আমরা মারাত্মক চাপ ও উত্তেজনার মধ্যে কাজ করছি।”
এমবি





