মিশরের রাজধানী কায়রোর একটি নাইটক্লাবে বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।
মিশরের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আজ (শুক্রবার) রাজধানী কায়রোর আগৌজায় অবস্থিত নাইট ক্লাবটিতে মলোটব ককটেল হামলা করা হয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলাকারী ওই নাইটক্লাবেরই একজন সাবেক কর্মী। তাকে চাকুরিচ্যুত করা হয়েছিল।
আগুনে পুড়ে অথবা ধোঁয়ায় দম বন্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাইটক্লাবটির নিচে একটি রেস্তোরাঁও রয়েছে। বাহির হওয়ার উপযুক্ত পথ না পাওয়ায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড নেতা প্রেসিডেন্ট মুরসিকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিশরে মাঝে মধ্যে বোমাহামলা ও গুলিবর্ষণের মতো ঘটনা ঘটছে। তবে এ হামলার বেশিরভাগই হয়েছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।
(সূত্র : আল-জাজিরা)
কেবি





