ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে না। আমরা সমস্যা ফেলে রাখি না। গত ৭০ বছর ধরে যে কাজ বকেয়া পড়ে রয়েছে, তা সরকারের ৭০ দিনের মধ্যে করা হয়েছে।
ভারতের জনগণ সরকারের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার ঐতিহাসিক লাল কেল্লায় ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেন তিনি। এসময় তিনি এক দেশ ও এক সংবিধান বাস্তব হওয়ায় গর্ব প্রকাশ করেন।
এ সময় জাতির উদ্দেশে তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে তার সরকার স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তার ভাষায়, মাত্র ১০ সপ্তাহের মধ্যে আমাদের সরকার প্রতিটি ক্ষেত্রে দৃষ্টি দিয়েছে। জনগণকে সেবা দেয়ার জন্য তারা আমাদেরকে আবার ম্যান্ডেট দিয়েছেন। এক মুহূর্তও বিলম্ব না করে আমরা কাজ করে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমরা সব সেক্টরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।
সরকার দেশবাসীর দেওয়া কাজ করছে উল্লেখ করে এ সময় মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার থেকে শুরু করে তিন তালাক বিল পাসসহ তাঁর সরকার একের পর সাহসী সিদ্ধান্ত নিয়েছে। মোদি বলেন, ‘সরকারের কর্মকাণ্ড ভারতবাসীকে বারবার চমকে দিয়েছে। আমার ওপর আস্থা রাখুন।’
মোদি তাঁর ঘোষণায় আরো বলেন, ‘আগামী দিনে সন্ত্রাসবাদ দমনে সরকার একের পর এক কড়া পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করছে। কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদদ দেওয়া যাবে না।’
এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত। সন্ত্রাসবাদ মুছে দিতে যা করার আমরা করব।’ ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষায় সরকার জোর দিয়েছে বলেও জানান মোদি।
মোদি বলেন, ২০১৩-১৪ সালে যখন আমি দেশ সফর করেছিলাম, তখন দেশের মানুষের চোখে হতাশার ছাপ দেখেছি। তাদের দৃষ্টিভঙ্গি ছিল, আমাদের দেশ কি কখনও পরিবর্তন হবে। কিন্তু গত ৫ বছরে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করেছি। জাতির মুড এখন পাল্টে গেছে। বিশ্বাস ও আস্থাকে আমরা পরিবর্তন করে দিতে পেরেছি।
জনগণের সমস্যা সমাধানের বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। যদিও এ পথে বাধা আছে, তবু তা অতিক্রম করতে হবে। স্মরণ করুন মুসলিম নারীরা কি রকম ভীতিতে ছিলেন। তারা তিন তালাকের কারণে দুর্ভোগে পড়েছেন। এই চর্চা এখন আমরা বন্ধ করেছি।
এএস





