যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সহিংসতার জের ধরে গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দেশটির তৃতীয় বৃহত্ শহরটিতে গত বৃহস্পতিবার থেকে রোববার মধ্যরাত পর্যন্ত এ সহিংসতা চলে।

শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ জুলাই শুরু হওয়া ছুটি থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮২ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।

এই সহিংসতার সময় নির্দেশ দেওয়ার পরও অস্ত্র ফেলে না দেয়ায় ৫ জনকে পুলিশ গুলি করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে। গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিদের মধ্যে ২ কিশোর নিহত হয়েছে।

পুলিশ জানায়, সহিংসতার অধিকাংশ ঘটনা রোববার ঘটেছে।

সহিংসতাকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন শিকাগোর মেয়র ইমানুয়েল।

সহিংসতার জন্য আগ্নেয়াস্ত্রের বিস্তার ও বিচারব্যবস্থাকে দায়ী করা হচ্ছে।

গত বছর শিকাগোতে ৪১৫টি খুনের ঘটনা ঘটে।

ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ