আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর শেষ সৈন্যের বিদায়ের পর তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তান এখন 'পূর্ণ স্বাধীন' দেশ।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমেরিকান সৈন্যরা কাবুল বিমানবন্দর ত্যাগ করেছে। আমাদের জাতি পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।

২০০১ সাল থেকে প্রায় ২০ বছর অবস্থানের পর মার্কিন বাহিনী ৩১ আগস্টের চূড়ান্ত সময়সীমার ১ দিন আগে ৩০ আগস্ট (সোমবার) রাতে আফগানিস্তান ত্যাগ করে।

গত ২ সপ্তাহ ধরে অপসারণ কার্যক্রমের মধ্য দিয়ে আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটে।

রাজধানী কাবুলে উল্লাস

মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ সৈন্য আফগানিস্তানের রাজধানী কাবুল ত্যাগ করা মাত্র রাজধানীতে উল্লাস ছড়িয়ে পড়ে।

কাবুল থেকে আল জাজিরার সংবাদদাতা রব ম্যাকব্রাইড সোমবার রাতে বলেন, কাবুলে এখান উল্লাস চলছে। নগরীর আকাশ ফাঁকা গুলির আলোতে উজ্জ্বল।

আজ মঙ্গলবার ( ৩১ আগস্ট ) সকালে সারা রাত উল্লাসের পর কাবুল অবশ্য শান্ত দেখা যায়। কাবুলবাসী তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে সকালে তাদের দিন শুরু করে। তথ্যসূত্র : আল জাজিরা।

এইচএন