পাকিস্তানের বেলুচিস্তানে একটি শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং একটি তেলের ট্যাঙ্কারের ভেতর আগুন ধরে নিহতের সংখ্যা বেড়ে ১৪। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন কমপক্ষে ৫৯ জন।
স্থানীয় কর্মকর্তারা দি এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, মঙ্গলবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে করাচি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হানিফাল বলেন, ‘একটি জাহাজ ভাঙার কাজ চলছিলো, এমন সময় সিলিন্ডার বিস্ফোরণে জাহাজটির ভেতরে বড় আঁকারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়।’
ওই এলাকার জেলা প্রশাসক জুলফিকার আলী শাহ এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত আমরা ১৪টি মৃতদেহ উদ্ধার করেছি এবং ৫৯ জন আহত ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় করাচি পাঠিয়েছি ‘ তিনি বলেন, ‘আহতদের সকলেই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।’
এসএম





