[b]দিল্লী:[/b] ভারতের রাজধানী নয়া দিল্লিতে তীব্র শৈত্যপ্রবাহে মাত্র ২৪ ঘন্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লির আম আদমি সরকার বেকায়দায় পড়েছে।রোববার এ খবর জানিয়েছে এনডিটিভি।
তীব্র শীতের কবল থেকে দিল্লির গৃহহীনদের রক্ষাই এখন তিন সপ্তাহ বয়সী আম আদমি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
শহরব্যাপী রাত্রিকালীন আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করছে দিল্লি সরকার। পরিত্যাক্ত সরকারি বাসগুলোও গৃহহীনদের রাত্রিকালীন আশ্রয় হিসেবে রূপান্তর করা হয়েছে।
কিন্তু এরপরও শীতে বেশ কয়েক জনের মৃত্যু হওয়ায় সরকারি প্রচেষ্টা সমালোচনার মুখে পড়েছে। দিল্লির শহর উন্নয়ন মন্ত্রী মানিষ সিসোদিয়া এসব মৃত্যুর ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
শনিবার রাতে কয়েকটি রাত্রিকালীন আশ্রয়স্থল পরিদর্শনের পর সিসোদিয়া বলেন,“আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা সব রকম ব্যবস্থা করেছি। কিন্তু এরপরও কিছু লোক বাইরে থাকতেই স্বচ্ছন্দ্য বোধ করছে। এটা কোনো অজুহাত না,এটি একটি গুরুতর সমস্যা।”
শীতে লোকজনের মৃত্যু নতুন সরকারের বিরোধীদের হাতে তাজা ‘বারুদ’ তুলে দিয়েছে,তারা এখন এই ‘বারুদ’ আম আদমি সরকারের গৃহীত নীতির সমালোচনায় ব্যবহার করছে।
বিজেপি নেতা ডঃ হরশ বর্ধন সরকারের সমালোচনা করে বলেছেন, “গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। যন্ত্রর মন্ত্ররে বসে প্রতিবাদ করা এক জিনিস,আর সরকার চালানো আর একটি জিনিসি-দুটি আলাদা বিষয়।”