[b]মেলবোর্ন:[/b] অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দাবানলে এক ব্যক্তি মারা গেছেন। আল জাজিরা জানিয়েছে, ভিক্টোরিয়া রাজ্যে ৬৮টি ও সাউথ অস্ট্রেলিয়া রাজ্যে ১৬টি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এদিকে প্রচন্ড দাবদাহে দাবানল পরিস্থিতির আরো অবনতি হয়েছে। দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে প্রানপণ চেষ্টা করছে।
ভিক্টোরিয়া রাজ্যের কর্মকর্তারা সতর্ক করে দেন,শুক্রবার দিনের শেষভাগে দাবানল পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।
এদিকে, দাবানলের কারণে বৃহস্পতিবার নাগাদ অন্তত ৪০০ জন অজ্ঞান হয়ে পড়েন। এ ছাড়া, হার্ট অ্যাটাকের শিকার হন ৫১ জন।
সাউথ অস্ট্রেলিয়া ও নিউ ওয়ালস’র পার্শ্ববর্তী ভিক্টোরিয়ায় কয়েক ডজন দাবানলের অন্যতম হচ্ছে নদার্ন গ্রাম্পিয়ান্সের দাবানল। সেখানে ২১ হাজার হেক্টরের বেশী এলাকায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে ওই এলাকা থেকে লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।
লোকজন বৃহস্পতিবার থেকেই ওই এলাকা ছেড়ে যেতে শুরু করেছে।
ভিক্টোরিয়ার কাউন্টি ফায়ার অথোরিটি (সিএফএ) আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে। বাতাসের গতি পরিবর্তনের সম্ভাবনা থাকায় এমন সতর্কবাণী উচ্চারণ করা হয়।
উল্লেখ্য,শুক্রবার মেলবোর্নে প্রায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা